কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলদস্যুদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও কয়েক রাউন্ড গুলিবর্ষণের পর দুটি স্পিডবোটে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে বোট দুটি মাঝনদীতে নিয়ে ডুবিয়ে দেওয়া হয়।
রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নসংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীতে চারটি স্পিডবোট চলাচলের সময় এক পক্ষ অপর পক্ষের দুটি বোটকে ধাওয়া করে। ধাওয়ার মুখে বোট দুটি তীরে রেখে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন বোট দুটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরপর আরেকটি স্পিডবোটে করে ক্ষতিগ্রস্ত বোট দুটি মাঝনদীতে নিয়ে ডুবিয়ে দেওয়া হয়। নদীর নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।
এ বিষয়ে ভেড়ামারা থানার ওসি শামীম শেখ বলেন, ঘটনাটি তারা শুনেছেন। তবে বিষয়টি নৌ-পুলিশের আওতাধীন হওয়ায় তারাই প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, তবে শুনেছি স্পিডবোটে আগুন লেগেছে। কিন্তু সেটা কীভাবে লেগেছে, তা আমি বলতে পারবো না।
এদিকে, ঘটনার বিস্তারিত জানতে লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশ ফাঁড়ির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।