যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। রক্তাক্ত জখম অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে মাথায় চারটি সেলাই দেওয়া হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে অবস্থান করছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিনেতা সমু চৌধুরী বলেন, ‘ভালো লাগছে, আজকে আমার বাড়ির সামনেই এতগুলো ক্যামেরা। যখন আমি আর অভিনেতা নই। আমি সমু চৌধুরী অন্য জায়গায় হারিয়ে গেছি। ভালো হয়েছে, কিন্তু বাড়িতে এসে এরকম একটা ঘটনা ঘটবে আমার সঙ্গে, হতভম্ব হয়ে গেছি। সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। আমি এই জায়গাটাকে পরিষ্কার করতে চেয়েছি। এতে অনেকের সমস্যা হচ্ছে। আজ আমার ওপর হামলা হলো। আমি এটেম্পট টু মার্ডার কেস করতে যাবো।’
হামলার ঘটনার বিষয়ে এই অভিনেতা জানান, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেল গ্যারেজে মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেন।
এ ঘটনায় জড়িত না দাবি করে মোটর গ্যারেজ মালিক হৃদয় দাবি করেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তবে মা-বোন তুলে গালিগালাজ করায় হামলা করেছে বলে মোবাইল ফোনে জাহাঙ্গীর তাকে জানিয়েছে।
এদিকে ঘটনার নিন্দা জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয়রা। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
যশোর কোতোয়ালি থানার ওসি ফারুক হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। জড়িতদের আটক করতে অভিযান চলছে। তদন্তসাপেক্ষ আইনি ব্যবস্থা নেওয়া হবে।