প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খুলনার দাকোপের বাদাম বিক্রেতা রাজু গাজী। প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথোপকথন ও হাত মেলানোর মুহূর্ত নিজের মোবাইল ফোনে ধারণ করেন তিনি। পরে ভিডিওটি নিজের ফেসবুক রিলসে প্রকাশ করলে তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে কোস্টগার্ডের পন্টুনে যাওয়ার পথে রাজুর সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী।
সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন তারেক রহমান। পরে সেখান থেকে পায়ে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনের দিকে রওনা হন তিনি। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। নেতাকর্মীরাও বিভিন্ন স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।
পথে বাদাম বিক্রেতা রাজু মোবাইল ফোনে সেলফি মোডে ভিডিও ধারণ করতে করতে প্রধানমন্ত্রীকে ‘স্যার’ বলে সম্বোধন করে উচ্চস্বরে সালাম দেন। এতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকৃষ্ট হয়। তিনি রাজুর কাছে গিয়ে তার সঙ্গে হাত মেলান এবং নাম জানতে চান। এ সময় আরও অনেকের সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী। কয়েকজনের মাথায় হাত বুলিয়েও দেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজুকে বলতে শোনা যায়, ‘অসংখ্য ধন্যবাদ স্যার। আমার খুব ভালো লাগছে।’
পরে প্রধানমন্ত্রী সামনে এগিয়ে গেলে ভিডিওতে উচ্ছ্বসিত রাজু বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি কার সঙ্গে কথা বললাম, আমার জীবন সার্থক। বাদাম বেচি, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলাইছি, আর কী লাগে।’
রাজুর ধারণ করা ভিডিওটি পরে তার ফেসবুক রিলসে প্রকাশিত হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টা ৪৮ মিনিটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুন থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি নৌপথে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা মোংলার জেটিতে পৌঁছান।
বিকালে প্রধানমন্ত্রীর মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের কথা ছিল। পরে তার প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন এলাকা ঘুরে দেখারও কথা ছিল। পরিদর্শন শেষে বিকালে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে