শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে দীর্ঘ আট দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে আমদানি-রফতানি বাণিজ্য। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করে। তবে এ সময়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু ছিল।
বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টায় ভারত থেকে ৩৫টি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। একই সময়ে বাংলাদেশ থেকে ১১টি পণ্যবাহী ট্রাক ভারতে রফতানি হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্বাভাবিক সময়ে এ বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে পাঁচ শতাধিক ট্রাক পণ্য আমদানি হয়। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে রফতানি হয় প্রায় ২০০ ট্রাক পণ্য।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির কারণে বেনাপোল বন্দর দিয়ে আট দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ছুটি শেষে শনিবার সকাল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিনও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত আট দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে শনিবার সকাল থেকে বন্দরের মাধ্যমে দুই দেশের পণ্য আমদানি-রফতানি আবার শুরু হয়েছে।