বাংলাদেশে গৃহশ্রমিকরা অমানবিক নির্যাতনের শিকার হন বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। শুক্রবার কিশোরগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই প্রতিমন্ত্রী বলেন, ‘১৮৮৬ সালের ১লা মে আন্দোলনের পর ৮ ঘণ্টার কর্মঘণ্টা নির্ধারণ করা হলেও বাংলাদেশের প্রায় ৫০ লাখ শিশু গৃহশ্রমিকের কাজ করে। তাদের কোনও কর্মঘণ্টা নির্ধারণ করা হয়নি। ফ্রিজ ও টিভির জন্য স্থান নির্ধারণ থাকলেও গৃহশ্রমীকদের ঘুমানোর জন্য নির্দিষ্ট স্থান দেওয়া হয় না।
মন্ত্রী জানান, গৃহশ্রমিকদের জন্য একটি নীতিমালা মন্ত্রিসভায় পাশ হয়েছে। খুব শীঘ্রই কর্মঘণ্টার আইন করা হবে। শ্রম মন্ত্রণালয় দেশের ৩৮টি সেক্টরে ইতোমধ্যে শিশু শ্রম নিষিদ্ধ করেছে।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালনায় শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় তিনদিনব্যাপী সাংবাদিকদের এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যমের মহা পরিচালক মোহাম্মদ নূরুল ইসলাম, পরিচালক মোহা. ওয়ালিউর রহমান, উপ-পরিচালক মো. নজরুল ইসলাম ও মো. মুঞ্জুরুল আলম।
আরও পড়ুন: ভবন নির্মাণে রডের বদলে বাঁশ: তদন্তে প্রমাণ মিলেছে
এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। এসময় বিভিন্ন মিডিয়ার ২১ জন সাংবাদিক কর্মশালায় অংশগ্রহণ করেন।
/এনএস/এইচকে/








