রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর ২৪ বেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত কর্পোরাল হানিফ উদ্দিনের (৭৪) জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
রবিবার বেলা ২টার সময় ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ মাঠে জানাজার নামাজ শেষে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে শহরের গুলকিবাড়ি গোরস্থানে মরদেহ দাফন শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে সালাম ও সন্মান জানানো হয়। এসময় ২১বার তোপধ্বনিসহ ফুল দিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
মুক্তিযোদ্ধা হানিফ উদ্দিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল পদমর্যাদা নিয়ে ১৯৯০ সালে অবসর গ্রহণ করেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ের রৌহা গ্রামে। পরিবার নিয়ে ময়মনসিংহ শহরের কলেজ রোড এলাকায় বসবাস করে আসছিলেন।
সেনাবাহিনী থেকে অবসরের পর ১৯৯৪ সালে সনাতন ধর্ম ত্যাগ করে সপরিবারে তিনি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ময়মনসিংহ সিএমএইচে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
/এইচকে/








