ময়মনসিংহে দুর্বৃত্তদের গুলিতে আহত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফি শাওন ১০ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ইবনে সিনা প্রাইভেট হাসপাতালে মারা যান তিনি। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, গত ২৫ ফ্রেব্রুয়ারি রাত ২টার সময় শহরের গোলপুকুর পাড় এলাকায় দুর্বৃত্তরা খুব কাছ থেকে শাওনকে পেটে গুলি করে। সেদিন রাতেই তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর অস্ত্রোপচার করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় অবস্থার উন্নতি না হওয়ায় শাওনকে ৫ মার্চ ইবনে সিনা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার সোয়া ১২টার সময় শাওন মারা যায়।
তিনি আরও জানান, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনোঅভিযোগ দেয়া হয়নি। তবে পুলিশ বাদী হয়ে একটি সাধারন ডায়েরি করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি রাতে ময়মনসিংহ চেম্বার এন্ড কমার্সের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক আমিনুল হক শামীমের পুত্র সাফ্ফাতের সঙ্গে দেখা করতে যায় কয়েকজন বন্ধুসহ শাওন। দেখা করারপর রাত দেড়টার দিকে নিজ বাসায় ফেরার পথে গোলপুকুরপাড় এলাকায় দুর্বৃত্তরা শাওনকে পেটে গুলি করে পালিয়ে যায়। পরে তার সঙ্গে বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।








