শেরপুর জেলার তিনটি নির্বাচনি আসনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা সকালে তাদের নিজ নিজ কেন্দ্র ভোট দিবেন বলে জানা গেছে। এরমধ্যে শেরপুর-১ (সদর) আসনের আওয়ামী লীগ প্রার্থী হুইপ মো. আতিউর রহমান আতিক সকাল ৮টায় সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের গ্রামের বাড়ির পাশেই তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং বিএনপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা শহরের সিংপাড়ার দিশা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুল কেন্দ্রে ভোট দেবেন।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের আওয়ামী লীগ প্রার্থী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী তার স্বামীর বাড়ি নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বর্দী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং বিএনপি প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী তার গ্রামের বাড়ি নকলা উপজেলার চর অষ্টধর ইউনিয়নের চরবসন্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোট দেবেন।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতি) আসনের বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফজলুল হক চান তার গ্রামের বাড়ি শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজির চর ইউনিয়নের হালগড়ার রূপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এবং একই কেন্দ্রে বিএনপি প্রার্থী তার ভাতিজা সাবেক এমপি মাহমুদুল হক রুবেল ভোট দেবেন।








