সন্ত্রাসীদের গ্রেফতার ও নিরাপত্তার দাবিতে ক্লাস বর্জন অব্যাহত রেখেছে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। সোমবার (৪ মার্চ) সকালে চতুর্থ দিনের মতো শেখ হাসিনা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা ক্লাসবর্জন করে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ করে।
বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ২৮ ফেব্রুয়ারী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইমরান হাসান মনি ও রাকিবুল হাসান নামে পঞ্চম বর্ষের দুই শিক্ষার্থীর ওপর হামলা ও মারধর করে স্থানীয় সন্ত্রাসী বিপুল ও সুমন। এ ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ১ মার্চ থেকে ক্লাস বর্জন ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে আসছে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘটনার চারদিন পেরিয়ে গেলেও সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীনতা ভুগছেন তারা। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন এন এম শাফি, খাদিয়া ইসলাম সীমানা, জহুরা ইসলাম, সাথীসহ অনেকে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের পাশে হাসপাতালের সামনের সড়ক পার হওয়ার সময় তিন মেডিক্যালের ছাত্র বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়। ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দুইদিন ধরে আন্দোলন করে আসছে মেডিক্যালের শিক্ষার্থীরা।








