নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় আইন উদ্দিন নামের এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুলাই) দুপুরে শহরের বিএডিসি ফার্ম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আইন উদ্দিন উপজেলার হাজীগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বিরুদ্ধে এর আগেও একই অভিযোগ করেন আরেক ছাত্রী।
পুলিশ জানায়, আজ (বুধবার) সকালে আইন উদ্দিনের বিরুদ্ধে বারহাট্টা থানায় ধর্ষণচেষ্টার মামলা করে এক ছাত্রী। পরে তাকে গ্রেফতার করা হয়।
নেত্রকোনার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম জানান, গত ২৮ ফেব্রুয়ারি স্কুলে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন আইন উদ্দিন। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি আরও এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালান তিনি। পরে ওই ছাত্রীও থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করে। ওই মামলায় আইন উদ্দিন হাইকোর্ট থেকে ৩০ জুন জামিন পান।








