জামালপুরের সদর উপজেলার নরুন্দিতে পার্সেল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্ব) সকালে জামালপুর-ময়মনসিংহ রুটের নরুন্দি রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি পার্সেল ট্রেন বেলা সাড়ে ১১টার দিকে নরুন্দি রেলস্টেশনে ছেড়ে যাচ্ছিল। এ সময় অজ্ঞাত ওই ব্যক্তি লাইন পার হতে গিয়ে ট্রেনটির নিচে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বেলা সাড়ে ৩টার দিকে জামালপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।ৱ
ওসি বাংলা ট্রিবিউনকেকে বলেন, ‘পার্সেল ট্রেনে কাটা পড়ে নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পুলিশের পিবিআই ইউনিটকে দিয়ে নিহতের আঙুলের ছাপ নেওয়া হবে।’






