জামালপুরে স্ত্রীর যৌতুক মামলায় স্বামীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (০৩ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের পিপি মো. আকরাম হোসেন বলেন, ১০ বছর আগে সদর উপজেলার চরগজারিয়া গ্রামের মৃত বাজতুল্লা বেপারির মেয়ে জেসমিন আক্তারের সঙ্গে একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মজিবুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে জেসমিনকে নির্যাতন শুরু করেন মজিবুর।
২০১৮ সালে স্বামী-শাশুড়িসহ পাঁচ জনের বিরুদ্ধে সদর থানায় যৌতুকের মামলা করেন জেসমিন। আট জনের সাক্ষ্যগ্রহণ শেষে মজিবুরের উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত ২০০৩)-এর ১১ (খ) ধারা অনুযায়ী সাত বছরের সশ্রম কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় শাশুড়িসহ তিনজনকে বেকসুর খালাস দেন আদালত।









