ময়মনসিংহে কোতয়ালি মডেল থানার সাবেক ওসি গোলাম সরোয়ারকে (৬৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৫ জুন) ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সঞ্জীব সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিগত ৩০ মে জ্ঞাত আয় বহির্ভূত তিন কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক রামপ্রসাদ বাদী হয়ে পৃথক পৃথক চারটি মামলা দায়ের করেন। ওই মামলায় ওসি গোলাম সারোয়ারসহ তার তিন ছেলে এনামুল হক, নাজমুল হক ও মঞ্জুরুল হককে আসামি করা হয়। বুধবার মামলায় গোলাম সরোয়ার ও তার ছেলে এনামুল হক আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।
এ সময় আদালতের বিজ্ঞ বিচারক ওসি গোলাম সরোয়ারের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে তার ছেলে এনামুল হকের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।
অ্যাডভোকেট সঞ্জীব সরকার আরও জানান, ওই মামলায় ওসি গোলাম সরোয়ারের অপর দুই ছেলে পলাতক রয়েছে। তারা হলেন- নাজমুল হক এবং মঞ্জুরুল হক।









