ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন গফরগাঁয়ের মশাখালী স্টেশনের কাছে আউটার সিগনালের কাছে বিকল হয়ে গেছে। এতে দুই ঘণ্টা ধরে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। এ তথ্য নিশ্চিত করেছেন গফরগাঁও রেলওয়ে স্টেশন জিআরপি থানার ইনচার্জ মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৭টার দিকে মশাখালী স্টেশনের আউট সিগন্যালের এসে পৌঁছে। পরে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
বিকল ইঞ্জিন উদ্ধারে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন মশাখালির উদ্দেশ্যে রওনা হয়ে গফরগাঁও স্টেশন পার হয়েছে বলে জানান তিনি।
এদিকে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় ময়মনসিং ও ঢাকা রুটে চলাচলকারী বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে। ফলে ঈদের ঘরমুখী যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে।








