ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে নৌকার প্রার্থীর পক্ষে একদল তরুণ মিছিলে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র (পিস্তল) উঁচিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। পুলিশের বলছে, অস্ত্রধারীটি উদ্ধার করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এটি আগ্নেয়াস্ত্র নয়, খেলনা পিস্তল।
বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামে নৌকার মিছিলে অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটে। মিছিল শেষে নিজেরাই ফেসবুকে ভিডিও প্রকাশ করে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে বিষয়টি সবার নজরে আসে।
অস্ত্রধারী যুবকের নাম মো. ওয়াহিদুজ্জামান তানভীর (২২)। তিনি উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের উসমান আলীর ছেলে। তানভীর ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামে আনন্দ বাজারে ওই আসনে নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের নির্বাচনি ক্যাম্প হয়েছে। প্রতিদিন সন্ধ্যার দিকে এলাকার লোকজন জড়ো হয়। বুধবার সন্ধ্যায় ছাত্রদল নেতা ওয়াহিদুজ্জামান তানভীরের নেতৃত্বে এক মিছিল নির্বাচনি ক্যাম্পে জড়ো হন। সেখানে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে নৌকা, নৌকা, তানভীর ভাই, তানভীর ভাই স্লোগান দিতে দিতে ক্যাম্পে জড়ো হন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, ওয়াহিদুজ্জামান তানভীর অল্প বয়সেই আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা করে। এর আগেও তার বিরুদ্ধে অস্ত্র প্রদর্শনের অভিযোগ রয়েছে। অভিযোগ দিলেও কোনও কাজে আসেনি।
চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া বলেন, এই ছেলেটিকে আমি একদিন এক মিটিংয়ে দেখেছি। পরে তার সঙ্গে কোনও যোগাযোগ নেই। সে আমাদের দলের পদে নেই, আর নৌকার পক্ষে মিছিল করছে কিনা তা আমার জানা নেই।
নান্দাইল থানার ওসি আব্দুল মজিদ বলেন, ঘটনার খবর পেয়েই আইনশৃঙ্খলা বাহিনী মিছিলে প্রদর্শন করা অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এটি আগ্নেয়াস্ত্র নয়, খেলনা পিস্তল। পরে আরও বিস্তারিত জানাবো হবে।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল বলেন, অস্ত্রটি পুলিশ উদ্ধার করেছে। তবে, সেটি খেলনা পিস্তল। পুলিশকে আইনি ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।









