সারা দেশের অনেক জায়গায় পুলিশ সদস্যরা কাজে ফিরলেও ব্যতিক্রম চিত্র দেখা গেছে ময়মনসিংহের সড়কে। দেখা মেলেনি ট্রাফিক পুলিশের। এখনও ছাত্র-জনতার হাতে রয়েছে সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণ।
সোমবার (১২ আগস্ট) সকাল থেকে ময়মনসিংহ নগরের বিভিন্ন মোড়ে মোড়ে দেখা গেছে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন ফায়ার সার্ভিস কর্মী, আনসার সদস্য, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), স্কাউট সদস্য এবং শিক্ষার্থীরা। তারা সড়কে যানবাহনের কাগজপত্র দেখাসহ শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। তাদের কাজে খুশি নগরবাসী।
শিক্ষার্থীরা বলেন, ‘সড়কের শৃঙ্খলা এবং নিরাপত্তা ফিরিয়ে আনতে আমরা দায়িত্ব পালন করছি। ট্রাফিক পুলিশ দায়িত্বে ফিরে আসার আগ পর্যন্ত জাতির স্বার্থে এই দায়িত্ব আমরা পালন করে যাবো।’
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ রানা জানান, জাতির ক্রান্তিকালে ফায়ার সার্ভিস কর্মীরা অতিরিক্ত দায়িত্ব হিসেবে সড়কের নিরাপত্তায় কাজ করছেন। তাদের সহযোগিতা করছেন আনসার সদস্য এবং শিক্ষার্থীরা।









