বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘ফ্যাসিস্ট (আওয়ামী লীগ) সরকার ১৭ বছর যা ক্ষতি করেছে, পাশাপাশি বিগত ইন্টেরিম (অন্তর্বর্তী) সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে। দেশে যেন নির্বাচন না হয়, অস্থিরতা থাকে তার জন্য ইন্টেরিম সরকার বিভিন্ন চেষ্টা চালিয়ে গেছে।’
মন্ত্রী বলেন, ‘দেশে যা অপতথ্য ছড়ানো হচ্ছে তা একটি দলের, যাকে আমরা বটবাহিনী বলি। তারাই এসব করছে। এসব অপতথ্য রুখতে সাংবাদিকদের সহযোগিতা দরকার।’
শুক্রবার (১৬ অক্টোবর) জামালপুরের বকশীগঞ্জে বৃক্ষমেলার উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, কৃষি অফিস ও সমাজসেবা অফিস আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনাইদ আফ্রাদ, এসিল্যান্ড আসমা উল হুসনা, ওসি মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন।
অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান ও অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদানের চেক বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ, বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।