কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গত এক সপ্তাহে অতিরিক্ত পুলিশ সুপারের বাড়িসহ পাঁচ বাড়িতে ডাকাতির ঘটনায় ৩টি মামলা হয়েছে। আর একটি ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এদিকে গ্রামে ডাকাতি ঠেকাতে পালাক্রমে রাত জেগে ঘরবাড়ি পাহারা দিচ্ছেন গ্রামবাসী। আটক ব্যক্তিরা হলেন- সৈয়দগাঁও দক্ষিণ পাড়া গ্রামের মৃত মোনতাজ উদ্দিনের পুত্র মাহফুজ (২২) ও মৃত আফতরের পুত্র হাবিবুল্লাহ ওরফে লেবু (৩৫)।
জানা যায়, গত ৪ মে রাতে উপজেলার সৈয়দগাঁও পূর্বপাড়া গ্রামে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট হুমায়ুন কবিরের বাড়িতে, ৭ মে রাতে এগারসিন্দুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মতিয়ুর রহমান সরকারে বাড়িতে, একই রাতে তালদাশ গ্রামের সৌদি প্রবাসি মো. সোহেল মিয়ার বাড়িতে, ৯ মে রাতে বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল হক রবির বাড়িতে, একই রাতে চরখামা গ্রামের সবজি ব্যবসায়ী কাশেম মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
পাকুন্দিয়া থানার ওসি হাসান আল মামুন বলেন, ডাকাতি প্রতিরোধ করতে ওই এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। এ বিষয়ে পাকুন্দিয়া থানায় তিনটি মামলা দায়ের হয়েছে। আসামিদের ধরতে চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।
/এসএনএইচ/








