দিনাজপুরের জেলার সদর ও বীরগঞ্জ উপজেলার ২১টি ইউনিয়নে আগামী ২৮ মে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে ১০৮ জন, মহিলা মেম্বার পদে ২৩৮ জন ও সাধারণ মেম্বার পদে ৮২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা ও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১০৩ জন ও সাধারণ মেম্বার পদে ৩৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৪ জন, সংরক্ষিত মহিলা মেম্বর পদে ১৩৫ জন ও সাধারণ মেম্বর পদে ৪৭৩ জন প্রার্থী হয়েছেন।
২১টি ইউনিয়নের ২০৯টি ভোট কেন্দ্রের ১ হাজার ৩৪৩টি কক্ষে ভোট নেওয়া হবে। দিনাজপুরের ২টি উপজেলার মধ্যে সদর উপজেলার ১০টি ইউনিয়নে ভোটারের সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৩০ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১০ হাজার ৮ জন এবং মহিলা ১ লাখ ৬ হাজার ২২ জন। আর বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৭ হাজার ৩৩৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪ হাজার ২৩৫ জন এবং মহিলা ১ লাখ ৩ হাজার ১০১ জন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার ২০৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৫টি অতি ঝুঁকিপূর্ণ ও ১৫৪টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। এ ব্যাপারে দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা সম্পন্ন করেছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।
/জেবি/টিএন/আপ-এসএনএইচ/








