গাজীপুরের টঙ্গীতে চাঁদার দাবিতে এক মাছ ব্যবসায়ীকে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অপর ধারায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। রবিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকার জাহাঙ্গীরের ছেলে রুবেল ওরফে টাইগার রুবেল (৩৫), একই এলাকার আব্দুর রউফের ছেলে বাবু (৩২), কালু মিয়ার ছেলে আশরাফ আলী (৩১) এবং টঙ্গীর আউচপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ছলেমান (৩১)।
মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল জানান, চাঁদার দাবিতে ২০০৬ সালের ২৭ জানুয়ারি রাত সোয়া ১০টার দিকে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে বাড়ির পাশে আসামিরা টঙ্গীর এরশাদ নগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোকছেদ আলী সেন্টুকে কুপিয়ে হত্যা করেন। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে টঙ্গী মডেল থানায় মামলা করেন।
দীর্ঘ শুনানি শেষে রবিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া হত্যার দায়ে প্রত্যেক আসামিকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং চাঁদা দাবির ঘটনায় তাদের প্রত্যেককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ফয়েজ উদ্দিন।
আরও পড়ুন: বিএনপি দমনে মামলাকেই ‘অস্ত্র’ ভাবছে আ. লীগ
/এমও/







