যশোরে বিভিন্ন এলাকা থেকে পুলিশ জামায়াত এবং শিবিরের সাত কর্মীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি।
রবিবার গভীর রাতে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, জামায়াত কর্মী বাঘারপাড়া ডিগ্রি কলেজের শিক্ষক সৈয়দ আজাহারুল ইসলাম ও সাতক্ষীরার শ্যামনগরের বাসিন্দা মৃত শমসের আলীর ছেলে সাইফুল আলম, ছাত্রশিবির কর্মী যশোর সদরের মোবারককাঠি গ্রামের আব্দুর রহমানের ছেলে ইমরান হুসাইন, ভাতুড়িয়া গ্রামের হাসান আলীর ছেলে হুমায়ন কবীর ও আনোয়ার কবীর, পাগলাদাহ গ্রামের মাকসুদুর রহমানের ছেলে সুলতান হুসাইন ও হারুন হুসাইন।
কোতয়ালী থানার সেকেন্ড অফিসার মোকাদ্দেস হোসেন জানান, তাদের কাছে খবর ছিল জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা শহরতলী শেখহাটি এলাকায় অবস্থান করছেন। তারা শহরে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর প্রস্তুতি নিচ্ছেন। এখবরের ভিত্তিতে পুলিশের পৃথক তিনটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।
মোকাদ্দেস হোসেন জানান, এসময় তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে জিহাদি বই, জালেরকাঠি,কসটেপসহ বোমা তৈরির বিভিন্ন উপকরণ।
এপিএইচ/







