নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পুলিশের ধাওয়ায় পুকুরে ডুবে পান দোকানদারের মৃত্যুর পর, গণপিটুনিতে পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে বৃহস্পতিবার সকালে সোনারগাঁও থানায় মামলাটি দায়ের করেন। মামলায় প্রথমে ৮ জনের নাম উল্লেখ করা হলেও পরবর্তীতে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩৫ জনকে আসামি করা হয়েছে জানিয়েছেন ওসি মঞ্জুর কাদের।
এদিকে বুধবার (৩ আগস্ট) ঘটনার পর থেকে গ্রেফতার আতঙ্কে উপজেলার রাইজদিয়া ও এর আশপাশের এলাকায় অনেক পুরুষ বাড়ির বাইরে অবস্থান করছেন জানা গেছে।
সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, এসআই আলামিন তালুকদার বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও মারধর করে কনস্টেবল আরিফুরকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে নাম নিয়েই আসামি করা হয়েছে। কোন নিরীহ কাউকে হয়রানি করা হবে না।
প্রসঙ্গত, বুধবার বিকেলে সোনারগাঁওয়ের রাইজদিয়া গ্রামে পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে পুকুরে ডুবে আবদুল মতিন নামের এক ব্যক্তির মৃত্যু ঘটে। মতিনের মৃত্যুতে বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের কনস্টেবল আরিফুরকে গণপিটুনি দিলে তারও মৃত্যু ঘটে।
আবদুল মতিন স্থানীয় পানাম বাজারে পানের দোকানদার ছিলেন। তবে পুলিশ দাবি করে, সে মতিন মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তাকে ধরতে গেলে সে পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ দেয়।
/ এইচকে/
আরও পড়ুন: ‘পুলিশের ধাওয়ায়’ পানিতে ডুবে যুবকের মৃত্যু, গণপিটুনিতে পুলিশ নিহত








