বগুড়া-নাটোর মহাসড়কে ট্রাক ও ভটভটির সংঘর্ষে ওমেদ আলী (৩০) নামে এক ব্যক্তি নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে শাজাহানপুরের বয়রাদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই শাহ আলম ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোর ছেড়ে আসা বগুড়া শহরগামী একটি মালবাহী ট্রাক দুপুরে বয়রাদীঘি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় একটি ভটভটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যাত্রী নন্দীগ্রাম উপজেলার আফছাগাড়ী গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ওমেদ আলী নিহত হন।
আহতরা হলেন- একই গ্রামের আব্দুল মজিদের ছেলে জিয়াউল (১২), শাজাহানপুর উপজেলার রাজবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে হেলাল (৪৫) ও খাসরাজবাড়ি গ্রামের জোব্বার আলীর স্ত্রী লতা বেগম (৫০)। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/এমও/







