গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপদসীমা অতিক্রম করে গেছে ভোলার মেঘনা নদীর পানি। সেই সঙ্গে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় জেলা শহরের বেড়িবাঁধের বাইরের এলাকাগুলো প্লাবিত হয়ে গেছে। ভোলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-১ এর নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার এ তথ্য নিশ্চিত করেন।
এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী বলেন, ‘শনিবার বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে মেঘনায় পানি প্রবাহিত হয়েছে। শুক্রবার বিপদসীমার ৯ সেন্টিমিটার ওপরে ছিল। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ভোলার বেড়িবাঁধের বাইরের এলাকাগুলো দুই থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে।
ভোলা আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আনোয়ার হোসেন জানান, শনিবার সন্ধ্যা পর্যন্ত ভোলায় ৬১ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ।
স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকে অবিরত বৃষ্টি চলছে। শহরের স্কুল-কলেজ, হাট-বাজার সবখানেই উপস্থিতি কম। কাজ না পেয়ে খালি হাতে ঘরে ফিরতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের।জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ভোলা সংলগ্ন মেঘনা, তেতুলিয়া ও ইলিশা নদীতে পানির প্রবাহ বেশি দেখা গেছে। মানুষের দুর্ভোগ বেড়েছে।
/এএইচ/






