গাজীপুরে নিখোঁজের ২৫ দিন পর সাইদুল ইসলাম (১৩) নামে এক কিশোরের (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) সকাল ৬টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর বাগবাড়ী এলাকার একটি গভীর বন থেকে লাশটি উদ্ধার করা হয়। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ।
সাইদুল ইসলাম কাশিমপুর শৈলডুবি এলাকার সিরাজুল ইসলামের ছেলে। সাইদুল নিখোঁজের পর তার মা থানায় সাধারণ ডায়েরি করলে জিজ্ঞাসাবাদের জন্য ৩ অক্টোবর পুলিশ তিন জনকে আটক করে।
পুলিশ জানায়, ৮ সেপ্টেম্বর সাইদুল ইসলামের মোবাইল ফোনে একটি কল আসে। কল পেয়ে সে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এতে ১০ সেপ্টেম্বর সাইদুলের মা শিউলী বেগম জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ৩ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বড় ভাই সাইফুল এবং মনির হোসেন (১৭) ও হাসান সরকার (১৪) নামে আরও দুই জনকে আটক করে পুলিশ।
সূত্র আরও জানায়, মাদক ব্যবসায়ী মনির হোসেনের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে শৈলডুবি এলাকায় তা বিক্রি করতো সাইফুল। এদিকে, অন্য আরও একজনের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট এনে কাশিমপুর এলাকায় তা বিক্রি করতো সাইদুল ইসলাম। সাইদুলের কাছে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট আছে, এমন তথ্য পেয়ে ৮ সেপ্টেম্বর হাসান সরকার সাইদুলকে মোবাইল ফোনে বাগবাড়ি এলাকায় ক্যাপ কারখানার পিছনের রাস্তায় যেতে বলে। পরে সাইদুল সেখানে গেলে তার কাছে থাকা ইয়াবা ট্যাবলেটগুলো দিতে বলে হাসান। এতে সাইদুল রাজি না হলে তাকে রাস্তা থেকে গভীর জঙ্গলে নিয়ে হত্যা করে লাশ গুম করে ফেলে হাসান। পরে তার দেওয়া তথ্যে বুধবার সকাল ৬টার দিকে পুলিশ নিহত সাইদুলের লাশ উদ্ধার করে।
এসপি হারুন অর রশীদ জানান, ময়নাতদন্তের জন্য সাইদুলের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।







