প্রায় তিন মাস পর মাদারীপুর থেকে উদ্ধার হওয়া শিশু মুকিম হবিগঞ্জে তার পরিবারের কাছে ফিরে গেছে। স্থানীয়দের ভালোবাসা আর সহযোগিতায় শিশুটি তার বাবা-মায়ের কোলে ফিরলো। জেলা সমাজসেবা বিভাগ ও পুলিশের উপস্থিতিতে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে মুকিমকে শিশুটিকে তার পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর মাদারীপুর বাসস্ট্যান্ডে ৬-৭ বছর বয়সী মুকিমকে হাতভাঙা অবস্থায় উদ্ধার করে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ হাওলাদারসহ স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। এরপর ফেসবুকে পোস্ট দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন। বিষয়টি জানতে পেরে মাদারীপুর জেলা সমাজসেবা বিভাগ ওই শিশুটির দায়িত্ব নেয়। পরে শিশুটির আশ্রয় হয় মাদারীপুর শহরের পুরান বাসস্ট্যান্ড এলাকার বদরুন নেছার নামে এক হোটেল ব্যবসায়ীর বাড়িতে।
মাসুদ হাওলাদার বলেন, ‘শিশুটিকে মাদারীপুর বাসস্ট্যান্ডে দেখার পর তাকে বন্ধু-বান্ধবের সহায়তায় মাদারীপুর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিষয়টি ফেসবুকে দিলে জেলা সমাজসেবা বিভাগ এগিয়ে এসে শিশুটির দায়িত্ব নেয়। এতদিন মুকিম বদরুন নেছার বাড়িতে সন্তানের মতোই ছিল। শিশুটি তার পরিবারে ফেরত গেছে ভাবতে ভালোই লাগছে।’
এরই মধ্যে মুকিমের পরিবার মাদারীপুরের পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। তারা পুলিশকে জানায়, মুকিমকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে তার দুলাভাই বাড়ি থেকে নিয়ে বের হন। কিন্তু সে তাকে মাদারীপুরে নিয়ে আসে এবং হত্যার চেষ্টা চালায়। মারধর করায় তার হাত ভেঙে যায়। এক পর্যায়ে মুকিমকে ফেলে রেখে পালিয়ে যায় তার দুলাভাই। ঘুরতে ঘুরতে শিশুটি চলে আসে মাদারীপুর বাসস্ট্যান্ডে। সেখান থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
মাদারীপুর জেলা সমাজসেবা কর্মকর্তা আফজাল হোসাইন জানান, মুকিমকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বাড়ি হবিগঞ্জের শায়েস্তগঞ্জের শেরপুর গ্রামে।








