নারায়ণগঞ্জ জেলা কারাগারে জামদানি উৎপাদন করবেন সেখানকার বন্দিরা। এ লক্ষ্যে ২৭ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় উদ্বোধন করা হচ্ছে জেলা কারা গার্মেন্ট ইন্ডাস্ট্রি এবং জামদানি উৎপাদন কেন্দ্র ‘রিজিলিয়ান্স’। বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের জন্য নবনির্মিত এই কেন্দ্রের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ও পরিকল্পনায় দানশীল ব্যক্তি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক সহায়তায় এই কারা গার্মেন্ট ইন্ডাস্ট্রি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক রাব্বি মিয়া। তিনি জানান, বাংলাদেশে এই প্রথম কোনও কারাগারের ভেতর বন্দিরের আর্থ-সামাজিক সক্ষমতা বাড়াতে কারা গার্মেন্ট ইন্ডাস্ট্রি নির্মাণ করা হয়েছে। এখানে কাজ করে বন্দি ও হাজতিরা টাকা আয় করে নিজের ও পরিবারের খরচ মেঠাতে পারবে।
জেলা প্রশাসক বলেন, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত বন্দি ও দীর্ঘমেয়াদী হাজতিদের কাজের ট্রেনিং দিয়ে এই কারখানায় কাজ করানো যাবে। যেসব বন্দি তিন বছরের বেশি সময়ের জন্য সাজাপ্রাপ্ত তাদের এই সুযোগ দেওয়া হবে। ফলে বন্দি জীবন শেষ করে তারা কিছু অর্থ নিয়ে বাড়ি ফিরতে পারবে।
রাব্বি মিয়া জানান, এই কারখানায় দুই শিফটে প্রায় সাড়ে তিনশ বন্দি বা হাজতি কাজ করতে পারবেন। তাদের উৎপাদিত পণ্য জেলা কারাগারের সামনের বিক্রয় কেন্দ্র বিক্রি করা হবে। এছাড়া একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য আলোচনা চলছে। এটি স্বাক্ষরিত হলে এখানে উৎপাদিত পণ্য তাদের বিভিন্ন শোরুমে পাওয়া যাবে। বাকি পণ্য বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ব্র্যান্ডিংয়ের জন্য নেবে। এ ব্যাপারে তারা সর্বোচ্চ সহায়তা করবে বলে আশ্বস্ত করেছে।
বুধবার ‘রিজিলিয়ান্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সচিব ফরিদ উদ্দিন, আইজি প্রিজন বিগ্রেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন, স্থানীয় এমপি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে জেলা প্রশাসনের নবনির্মিত কনফারেন্স রুম উদ্বোধন এবং আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেন, কারাগারে গার্মেন্ট কারখানা নির্মাণ বাংলাদেশে এই প্রথম। আশা করি দেশের বিভিন্ন জেলা কারাগারে বন্দি ও হাজতিদের কর্মসংস্থানের জন্য এমন করাখানা গড়ে উঠবে।







