চট্টগ্রামে একই পরিবারের তিন জনকে গুলি করে হত্যার দায়ে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৪ জানুয়ারি) চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক বিশেষ জজ সৈয়দা হোসনে আরা এই রায় দেন। ট্রাইব্যুনালের পিপি জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডিতদের মধ্যে চার জনকে যাবজ্জীবন, একজনকে ১০ বছর এবং বাকি ১০ জনকে ৬ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে তিনি জানান।
জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, দণ্ডিতদের মধ্যে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও আছেন। ইউপি চেয়ারম্যানসহ ১০ আসামি পলাতক রয়েছে। নজির আহমদ নামে একজন মারা গেছে। বাকি চার জন রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিল।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো, নজির আহমদ, আব্দুস শুক্কুর, আজম খান ও জামাল। বাকি ১১ জনের মধ্যে ফিরোজ নামে এক আসামিকে ১০ বছর এবং ছয় বছর করে কারাদণ্ডপ্রাপ্তরা হলো,সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান রমজান আলী, সাহাব মিয়া, সিরাজুল হক, নূরুল আলম, ইয়াকুব, মহসিন, মোজাহের, লোকমান, ইমাম হোসেন ও ইলিয়াছ।
আদালত সূত্রে জানায়, ১৯৯২ সালে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের শান্তির টেক এলাকার একটি বাড়িতে আসামিরা ডাকাতি করতে যায়। ঘরে ঢোকার পর বাড়ির লোকজন তাদের প্রতিরোধের চেষ্টা করলে তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। তাদের গুলিতে ওই পরিবারের সদস্য মোহাম্মদ মিয়া ও তার স্ত্রী সাজেদা খাতুন এবং ছোট ভাই সিদ্দিক মিয়া নিহত হন। এ ঘটনা জাফর আহমদ নামে ওই পরিবাবের এক সদস্য বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে তিন জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের জবানবন্দি এবং ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।







