সাভারে বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে সাভার থেকে ৯ জন ও আশুলিয়া থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সাভারের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাভার থেকে নয় নেতাকর্মী ও আশুলিয়া থেকে ছয় জনকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন,‘আটককৃত নয় জনসহ ১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বলেন, ‘নাশকতার আশঙ্কায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। নাশকতার পুরানো মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।’
আরও পড়ুন: নৌকা ক্ষমতায় না আসলে দেশ রক্ষা করা যাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী







