চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আবুল হাশেমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ এপ্রিল) দুপুর ৩টার দিকে ঢাকার মিরপুর থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২ এপ্রিল) রাতে যৌন হয়রানির শিকার এক ছাত্রীর মা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন।
হয়রানির শিকার এক ছাত্রীর মায়ের বরাত দিয়ে পুলিশ জানায়, শিক্ষক আবুল হাশেম দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের একটি রুমে বিকালে ও সন্ধ্যায় দুই শিফটে প্রাইভেট পড়ান। সম্প্রতি তিনি তিন ছাত্রীকে যৌন হয়রানি করেন। এর মধ্যে এক ছাত্রী বিষয়টি তার অভিভাবককে জানায়। সোমবার রাতে ওই ছাত্রীর পরিবার গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান। পরে ওই ছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্ত ওই শিক্ষকের নামে মামলা দায়ের করেন।
ওসি সৈয়দুল মোস্তফা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম মিরপুর থেকে আবুল হাশেমকে গ্রেফতার করে। অভিযুক্ত ওই শিক্ষককে চট্টগ্রাম নিয়ে আসা হচ্ছে। যৌন হয়রানির অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’







