পাঁচ দফা দাবিতে ভারতের পেট্রাপোল বন্দরের ইমপোর্ট-এক্সপোর্ট মেইনটেন্যান্স কমিটির ডাকা লাগাতার ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক আসা শুরু হয়েছে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে।
বুধবার (২৭ জুন) সকালে বেনাপোল বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ভারতের ব্যবসায়ীদের আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হলে বেনাপোলে আমদানি পণ্যবাহী ট্রাক প্রবেশ করে।
গত সোমবার (২৫ জুন) রাত সাড়ে ১০টায় বেনাপোল স্থলবন্দরে রাসায়নিক পণ্যবাহী ভারতীয় একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও বন্দরের ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পণ্য পুড়ে যায়। এরপর পুড়ে যাওয়া ট্রাকের ক্ষতিপূরণসহ পাঁচ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেয় ভারতের পেট্রাপোল বন্দরের ইমপোর্ট-এক্সপোর্ট মেইনটেন্যান্স কমিটি।
তাদের বাকি দাবিগুলো হলো– গত ৩ জুন বেনাপোল বন্দরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ট্রাকের ক্ষতিপূরণ দিতে হবে, বন্দরে যেসব ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করবে ২৪ ঘণ্টার মধ্যে সেগুলো খালি করে ফেরত পাঠাতে হবে, বেনাপোল বন্দরে পণ্য খালি করার সময় চুরি হলে তার দায়িত্ব ভারতীয় চালক বহন করবে না ও বেনাপোল বন্দরে পণ্য খালি বা চালান স্বাক্ষর করার ক্ষেত্রে কোনও খরচ চালক বহন করবে না এবং বেনাপোল বন্দরে পার্কিং ও পণ্য গুদামে সিসি ক্যামেরা এবং চালকের জন্য শৌচাগার ও পানির ব্যবস্থা করতে হবে।
বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম জানান, ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের বিষয়টি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো ফেরত দেওয়ার পাশাপাশি বাকি শর্তগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে বলে সভায় সিন্ধান্ত হয়েছে।








