চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়ার মাহালিয়া এলাকায় বান্দরবান-চট্টগ্রামের প্রধান সড়কের পানি কমে যাওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৩ জুলাই) বিকালের পর থেকে পানি কমার পর এবং রুমা সড়কে ধসে পড়া পাহাড়ের মাটি সরিয়ে ফেলার পর বুধবার (৪ জুলাই) পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে স্বর্ণ মন্দির এলাকায় বেইলি ব্রিজ ডুবে থাকায় এখনও বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
এর আগে, সোমবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণের কারণে বেইলি ব্রিজ ডুবে গিয়ে মঙ্গলবার সকাল থেকে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক এবং রুমা সড়কে পাহাড় ধসে পড়ে। এতে রুমা সড়ক ও দুপুরের পর থেকে বান্দরবান-চট্টগ্রাম সড়ক ডুবে সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এখন আর বৃষ্টি না হলে দুপুরের দিকে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে পারে।
বান্দরবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন বলেন, বান্দরবান রাঙ্গামাটি সড়কে নতুন সেতুর কাজ চলছে। বান্দরবান চট্টগ্রাম সড়কেও বর্ষার পরপরই সড়ক উঁচু করার কাজ শুরু হবে। আশা করছি সড়কগুলোর কাজ শেষ হলে আগামী বছর থেকে এ সমস্যাগুলো আর থাকবে না।








