চট্টগ্রামের হাটহাজারীতে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে একই পরিবারের তিন জনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। হাটহাজারীর এক নম্বর ফরহাদাবাদ এলাকার সোনাই-ত্রিপুরা পাড়ায় এই ঘটনা ঘটেছে। মৃত শিশুদের মধ্যে দুই জন গত ২১ আগস্ট মারা যায়। অপর দুই জনের মধ্যে একজন শুক্রবার এবং অপরজন রবিবার (২৬ আগস্ট) সকাল ৮টায় মারা গেছে।
ইউপি মেম্বার সিরাজুল ইসলাম চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে অজ্ঞাত রোগে সোনাই ত্রিপুরা পাড়ায় এক শিশু মারা যায়। খবর পেয়ে আমরা ওই পাড়ায় গিয়ে মৃত শিশুর পরিবারের সঙ্গে কথা বলি। তারা জানিয়েছে একই রোগে এর আগে ওই পরিবারের আরও দুই শিশু মারা গেছে।’ একই রোগে ওই এলাকার অন্য পরিবারের আরও এক শিশুও মারা গেছে বলে তিনি জানান।
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিষয়টি আমরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানিয়েছি। তারা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন।’
জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয় এক ইউপি সদস্য রবিবার সকালে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে আমরা বিষয়টি জানতে পারি। এরপর আমি দ্রুত সেখানে একটি মেডিকেল টিম পাঠিয়েছি। আমি নিজেও এখন সেখানে আছি।’ তিনি বলেন, ‘ওই এলাকায় গিয়ে আমরা জানতে পারি, ২১ আগস্ট থেকে ২৬ আগস্ট এই সাত দিনে চারজন শিশু মারা গেছে। পরিবারের লোকজন জানিয়েছে, মৃত শিশুরা প্রথমে জ্বরে আক্রান্ত হয়। পরে শরীরের কালো দাগ দেখা দেয়। এ ঘটনায় আমরা ওই পাড়ার জ্বরাক্রান্ত ২২জন শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দিয়েছি। এদের মধ্যে তিন জনের অবস্থা একটু গুরুতর, তাদেরকে আলাদা চিকিৎসা দেওয়া হচ্ছে।’
সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী আরও বলেন, ‘শিশুর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে ঢাকা থেকে একটি টিম আসছে। তারা সোমবার সকালে ওই পাড়ায় গিয়ে নমুনা সংগ্রহ করবেন। এছাড়া ওই পাড়ায় একটি মেডিকেল টিম সার্বক্ষণিক থাকবে। কোন শিশু জ্বর অথবা অন্য কোনও কারণে অসুস্থবোধ করলে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হবে।’








