মহানগরীসহ খুলনা জেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৪ জন মাদক ব্যবসায়ীসহ ৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা ধরে এ অভিযান পরিচালিত হয়।এসময় সোয়া দুই কেজি গাঁজা, ৪৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
খুলনা জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, জেলার ৯টি থানা এলাকায় ২৪ ঘণ্টার অভিযানে ১৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে দুই কেজি ১৩১ গ্রাম গাঁজা এবং ৩১৪ পিস ইয়াবা উদ্ধার এবং ১০টি মাদকের মামলা দায়ের করা হয়। এছাড়া, অন্যান্য মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক বিএম শাহজাহান জানান, খুলনা মহানগরীর আট থানা এলাকায় এ অভিযানে ছয় জন মাদক ব্যবসায়ীসহ ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৬৮ পিস ইয়াবা ও পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ছয় মাদক ব্যবসায়ীর নামে ছয়টি মামলা দায়ের করা হয়েছে।








