জামালপুর জেলার সরিষাবাড়ী রেল স্টেশন এলাকার একটি দোকান থেকে ট্রেনের ১১টি টিকিট জব্দ করা হয়েছে। এসময় দোকানি ওমর আলী পালিয়ে গেছে। শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম এই অভিযান চালান।
ইউএনও সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরিষাবাড়ী রেল স্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগ ওঠে। স্টেশনে যাওয়া মাত্র কালোবাজারিরা পালিয়ে যায়। তবে একটি দোকান থেকে ঢাকাগামী আন্তঃনগর যমুনার ১১টি টিকিট জব্দ করা হয়েছে। এ সময় দোকানি পালিয়ে যাওয়ায় তার দোকান সিলগালা করা হয়।’
এলাকাবাসী জানান, সরিষাবাড়ী ও তারাকান্দি রেল স্টেশনে স্থানীয় ক্ষমতাসীন দলের প্রভাবশালীদের ছত্রছায়ায় এবং রেল স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগসাজশে নারী-পুরুষসহ স্টেশনের দোকানিরা দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারি করে আসছিল। এর ফলে যাত্রীদের বাধ্য হয়ে চড়া দামে তাদের কাছ থেকে টিকিট কিনে ট্রেনে যাতায়াত করতে হয়। এ অভিযোগের পর সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সরিষাবাড়ী রেল স্টেশনে অভিযান চালান।






