রাজশাহীর তানোর উপজেলায় মুক্তার হোসেন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের মা আতোনী আরা বেগম দাবি করেন, তার ছেলেকে ইলেকট্রিক শক দিয়ে ও কুপিয়ে হত্যার পর দূরে ফেলে রেখে আসেন পোল্ট্রি খামারের মালিক শাহজাহান। এ ব্যাপারে পোল্ট্রি খামারের মালিক শাহজাহানের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সেলিমপুরের হারদো এলাকায় ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ নিহত মুক্তারের লাশ উদ্ধার করে। নিহত মুক্তার ওই এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে উপজেলার হারদো এলাকায় একটি আমগাছের সঙ্গে মুখে ও গলায় রশি দিয়ে পেঁচানো অবস্থায় মুক্তারের লাশ উদ্ধার করা হয়। তার ঘাড় ও মাথার নিচে আঘাতের চিহ্ন রয়েছে। একই সঙ্গে তার ডান হাতে ইলেকট্রিক শকের চিহ্ন রয়েছে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে গতরাতে মুক্তারকে হত্যা করার পর লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। নিহত মুক্তার কৃষিকাজের পাশাপাশি ওই এলাকার একটি পোল্ট্রিফার্মেও কাজ করতেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুও সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন:
নারায়ণগঞ্জে সেই প্রধান শিক্ষককেই সাময়িক বরখাস্ত!
/বিটি/







