চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রী কণিকা রানী ঘোষকে কুপিয়ে হত্যা ও তার আরও তিন সহপাঠী আহত হওয়ার ঘটনার ফুঁসে উঠেছে স্থানীয় ছাত্র-শিক্ষক-সুশীল সমাজ।খুনির ফাঁসির দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক সমিতির ডাকে আজ রবিবার সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত জেলা সদর প্রেসক্লাবের সামনে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে প্রায় কয়েক হাজার ছাত্র-ছাত্রী, শিক্ষক-সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। এ মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন জেলার পাঁচ উপজেলার শিক্ষক সমিতির নেতারাও।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধন কর্মসূচিতে জেলা সদরের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এছাড়াও শিক্ষকসহ নানা পেশাজীবীর মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শিক্ষক সমাজ, জেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা।
বক্তারা বলেন, অপ্রতিরোধ্য মাদকের প্রভাবেই এ ঘটনা ঘটেছে। তাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয় মানববন্ধনে। এছাড়া ক্ষুব্ধ শিক্ষার্থীরা খুনির ফাঁসির পাশাপাশি তাদের স্কুল যাতায়াতে স্বাভাবিক নিরাপত্তার দাবি জানায়। পরে জেলা শিক্ষক সমিতির নেতারা শিক্ষামন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
উল্লেখ্য, গত শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহিপুরে দশম শ্রেণির স্কুল ছাত্রী কণিকা ঘোষকে কুপিয়ে হত্যা এবং তার তিন সহপাঠীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বখাটে আব্দুল মালেক।
/টিএন/
আরও পড়তে পারেন:








