ছাগল চুরির ঘটনায় সালিশি সিদ্ধান্তের জের ধরে রবিবার বিকেলে পাবনা সদর উপজেলার গয়েশপুরে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শফিকুল ইসলাম শফি ও তার বাবা আজিজ মৃধাকে আটক করেছে পুলিশ।
নিহত নেতার নাম রিপন হোসেন (৩০)। তিনি গয়েশপুর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শবে বরাতের আগের রাতে মানিকনগর গ্রামের জনৈক ইজিবর প্রামানিকের একটি ছাগল চুরি হওয়ার ঘাটনায় রবিবার দুপুরে এলাকায় সালিশ বসলে চুরির ঘটনার সত্যতা প্রমাণিত হয় এবং রিপন হোসেনসহ উপস্থিত গণ্যমান্যরা স্থানীয় শফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করে ১৫ হাজার টাকা জরিমানার বিধান করেন।
এরপর বিকেল ৫টার দিকে রিপন হোসেনকে তার বাড়ির সামনে কুপিয়ে পালিয়ে যান শফিকুল। স্থানীয়রা আহত রিপনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে শফিকুল ইসলাম শফি ও তার পিতা আজিজ মৃধাকে আটক করেছে।
আরও পড়ুন: গৌরনদীতে ধর্ষক গ্রেফতার
/এইচকে/








