বগুড়া শহরের রিয়াজ কাজী লেন ও আলতাফুন্নেছা খেলার মাঠে রেটিনা এবং ফোকাস কোচিং সেন্টারে হামলা চালিয়ে ভাংচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এই ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত কোনও মামলা হয়নি। ওই প্রতিষ্ঠানের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা আছে এমন অভিযোগে মঙ্গলবার রাতে বিক্ষুব্ধ জনতা এই হামলা চালায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিভায়।
ঘটনার পর রেটিনা কোচিং সেন্টার বগুড়া শাখার পরিচালক রাশেদুল ইসলাম দাবি করেন, ভাংচুর ও অগ্নিকাণ্ডে তাদের দুই ভবনে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ছাত্র-ছাত্রীদের বেশকিছু ল্যাপটপ ছিল যার অধিকাংশ লুট করে নিয়ে গেছে। এছাড়া বিপুল সংখ্যাক ভর্তি গাইড ও বই পুড়ে গেছে। বুধবার সকাল থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের হাতে গ্রেফতার বগুড়ার জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান রেটিনা কোচিং সেন্টারের ছাত্র ছিল। এমন খবর প্রচার হলে মঙ্গলবার রাত ৯টার দিকে বিপুল সংখ্যক লোক শহরে রিয়াজ কাজী লেনে অবস্থিত রেটিনা ও ফোকাস কোচিং সেন্টারে হামলা চালায়। তারা ভবনের কলাপসিবল গেট ভাংচুরের পর অগ্নিসংযোগ করে চলে যায়। হামলাকারীরা অফিসের ভেতর থেকে চেয়ার, টেবিল, কম্পিউটার ও ফ্যানসহ মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভায়।
এই ঘটনার জন্য অনেকে ছাত্রলীগকে দায়ী করলেও ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস জানান, এই হামলার সঙ্গে তার সংগঠনের কেউ জড়িত নয়। বিক্ষুব্ধ জনতা হয়তো হামলা করেছে।
বগুড়া শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিএসআই) ফজলে এলাহী জানান, একদল যুবক রেটিনা ও ফোকাস কোচিং সেন্টারে হামলা করেছে এমন খবর পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে।
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আসলাম আলী জানান, ওই ঘটনায় মামলা হয়নি।
/জেবি/
আরও পড়তে পারেন : সিরাজগঞ্জে আটক ৪ নারী জেএমবি সদস্য ৩দিনের রিমান্ডে







