নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ভাঙচুর করেছে আবাসিক হলের শিক্ষার্থীরা। এ সময় তারা তিনটি গাড়িতে আগুন এবং আরও দুটি গাড়ি ভাঙচুর করে। শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে,এ ঘটনার পর শনিবার বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া রবিবার থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বিদ্যুৎ সংকট মারাত্মক আকার ধারণ করে। অব্যাহত লোডশেডিং-এ অতিষ্ঠ আবাসিক হলের শিক্ষার্থীরা শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, মেডিক্যাল ভবন ও ক্যাফেটেরিয়ায় ভাঙচুর চালায়। এ সময় প্রশাসনিক ভবনের সামনে থাকা দুটি মাইক্রোবাস, একটি অ্যাম্বুলেন্স, একটি মিনিবাস ও একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। এর মধ্যে তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয় তারা। খবর পেয়ে পুলিশ, র্যাব ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আগুন নেভায়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করতে গিয়ে প্রক্টর আওয়াল কবির জয় লাঞ্ছিত হন।
এদিকে, উদ্ভুত পরিস্থিতি নিয়ে শনিবার সকালে জরুরি বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠকে আজ বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ এবং আগামীকাল রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভা আহ্বান করার কথা জানান ভাইস চ্যান্সেলর।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয় জানান, প্রশাসনিক ভবনের সামনে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন:
গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত (ভিডিও)
/বিটি/






