বগুড়ার ধুনটের মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলামের বিরুদ্ধে মথুরাপুর হাটের জায়গায় দেয়াল দিয়ে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। এতে বৃহৎ এ হাটে পশু ক্রয়-বিক্রয় বাধাগ্রস্ত হচ্ছে। বুধবার হাটের ইজারাদার আল হেলাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ইব্রাহিম সাংবাদিকদের বলেন, ‘অভিযোগ পেয়ে তদন্ত করা হয়েছে। হাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
অভিযোগে বলা হয়েছে, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল দলীয় প্রভাবে প্রায় এক মাস আগে শত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মথুরাপুর হাটে ইট দিয়ে প্রাচীর নির্মাণ শুরু করেছেন।
এদিকে ইজারাদার থানায় বিষয়টি জানালে পুলিশ শহিদুল ইসলাম ও মিস্ত্রিকে থানায় নিয়ে যায়। পরে ওই প্রাচীর ভেঙে ফেলার মুচলেকা দেন শহিদুল। কিন্তু এক মাস অতিবাহিত হলেও প্রাচীর ভেঙে না দেয়ায় হাটে পশু কেনাবেচায় সমস্যা হচ্ছে। দখলের কারণে হাটটি সংকুচিত হওয়ায় ইজারাদার আবারও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করেছেন।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম দাবি করেন, ‘হাটের ওই জায়গা জনৈক গণক ঠাকুরের। তিনি ৬ শতক জায়গা কিনে সেখানে প্রাচীর দিয়েছেন। পুলিশ তার মিস্ত্রিকে থানায় নিয়ে গেলে সঙ্গে তিনিও গিয়েছিলেন। কোনভাবেই হাটের জায়গা দখলা করা হয়নি। ইজারাদার ও অন্যরা তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করতেই মিথ্যা অভিযোগ করছে।’
/এনএস/








