এবারের কোরবানির ঈদের পর পশুর চামড়া পাচার রোধে দিনাজপুরের হিলি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত মৌসুমের তুলনায় এবারের কোরবানির ঈদে গরু ও ছাগলের চামড়ার দাম খানিকটা কম নির্ধারণ ও চামড়া সংরক্ষণের কাজে ব্যবহৃত লবণের দাম চড়া হওয়াতে সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার হওয়ার আশঙ্কায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সীমান্তে নিয়মিত পাহারার পাশাপাশি চামড়া পাচারকে গুরুত্ব দিয়ে বিজিবির পক্ষ থেকে সীমান্তে বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, চামড়া বাংলাদেশের প্রধান রফতানিযোগ্য পণ্য, যা থেকে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। সম্প্রতি, চামড়া পাচার রোধে বিজিবি সদর দফতর থেকে একটি নির্দেশনা পাওয়া গেছে। সে মোতাবেক সীমান্তের প্রতিটি ক্যাম্পে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘দেশের সম্পদ এই চামড়া যাতে কোনোভাবেই সীমান্ত দিয়ে পাচার হতে না পারে, সে জন্য সীমান্তে বাড়তি সৈনিক মোতায়েন করা ছাড়াও সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’
/এবি/








