মিথ্যা প্রলোভনে পড়ে ভালো কাজের আশায় ভারতে পাচার হওয়া এক কিশোরীকে (১৬) দুই বছর পর ফেরত দিলো ভারতীয় পুলিশ। মঙ্গলবার রাতে ভারতীয় পুলিশ ওই কিশোরীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর জেলা সমন্বয়কারী কর্মকর্তা এবিএম মুহিত জানান, দুই বছর আগে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ ওই কিশোরীকে আটক করে কারাগারে পাঠায়। কারাগার থেকে ভারতের ২৪ পরগনা জেলায় অবস্থিত একটি এনজিও সংস্থা তাকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে তার নাম-ঠিকানা সংগ্রহ করে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে তাকে দেশে ফেরত পাঠায় ভারত।
জানা যায়, পুলিশের কাছ থেকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি কর্মকর্তারা ওই কিশোরীকে নিজেদের জিম্মায় নিয়েছে। তারা ওই কিশোরীকে ফরিদপুরে তার পরিবারের কাছে তুলে দেবেন।
/এমডিপি/








