রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক মনসুর আলম এ রায় দেন। একইসঙ্গে তাদের ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবুল হাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নগরীর সাধুর মোড় এলাকার মো. আলমের ছেলে মো. আরিফ (২৮) এবং তার দুই ভাবি হামিদা হাসান ওরফে ইভা (৩২) ও মাহফুজা জান্নাত ওরফে লাইবা (৩০)। ইভার স্বামীর নাম মো. মোস্তাক। আর লাইবার স্বামীর নাম মো. তারিক।
মামলার আরেক আসামি দণ্ডপ্রাপ্ত আরিফের মা মর্জিনা বেগমকে (৫০) বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালে নগরীর হেতেমখাঁ সাহাজিপাড়া এলাকার সাজ্জাদ আলীর মেয়ে সাথী ইয়াসমিনের (২৩) সঙ্গে সাধুর মোড় এলাকার আরিফের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরের কাছে মোটরসাইকেল দাবি করে আসছিলেন আরিফ। এজন্য বিভিন্ন সময় তিনি স্ত্রী সাথীকে নির্যাতন করতেন। ২০১২ সালের ৪ এপ্রিল দুই ভাবির সহায়তায় তিনি সাথীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে সাথী দগ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাথীর বাবা চারজনকে আসামি করে বোয়ালিয়া থানায় হত্যা মামলা করেন।
পরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এ মামলার বিচার কাজ শুরু হয়। দীর্ঘ শুনানির পর রবিবার দুপুরে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মর্জিনা খাতুন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
আরও পড়ুন:
এমপির ছেলে রুমনের তিনদিনের রিমান্ড মঞ্জুর
/বিটি/








