চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি ট্রাক দোকানে ঢুকে পড়ায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত আরও ৩ জন। তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাচোল-রহনপুর সড়কের খড়িবোনা নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনায় পর ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।
নিহতরা হলেন, উপজেলার কসবা ইউনিয়নের খড়িবোনা গ্রামের ওয়াহাব আলী ও গাজলু হক এবং জোড়াপুকুর গ্রামের তাবারক আলী। আহতরা হলেন, আলাউদ্দিন, রাজকুমার ও বজলুর রশিদ।
নাচোল থানার অফিসার ইনচার্জ ফাসির উদ্দিন জানান, বেলা ১১টায় খড়িবোনা এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মুদি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে ওয়াহাব ও গাজলু মারা যায়। এসময় গুরুতর আহত অবস্থায় তাবারককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নাচোল থানায় একটি মামলা দায়ের করা হবে।
/এমডিপি/







