বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছে। এসময় সোহেল (২৪) নামে এক টেম্পু চালক আহত হয়েছেন। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকালে বগুড়া-ঢাকা মহাসড়কের মাঝিড়া বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার এএসআই জাহাঙ্গীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, শাজাহানপুর উপজেলার সুজাবাদ দহপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৪০) ও তার স্ত্রী মুক্তা বেগম (৩৪)।
নিহতের ছোট ভাই মামুনুর রশিদ ও বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম জানান, বিকাল পৌনে ৩টার দিকে শফিকুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে উপজেলার সাজাপুর দাড়িকামারিপাড়া গ্রামে যাচ্ছিলেন। পথে মাঝিড়া বাইপাস সড়কে রংপুর ছেড়ে আসা ঢাকাগামী একতা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহত ওই দম্পতির আহসান হাবিব (১০) ও ইকবাল (৪) নামে দুটি শিশু সন্তান রয়েছে।
/এমডিপি/








