রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে মাসিক সভায় যোগ দিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম (৪৯) মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। দুপুর ৩টায় চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হবে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান জানান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম আজ বিভাগীয় কমিশনার কার্যালয়ে মাসিক সভায় যোগ দিতে আসেন। সভা শুরুর আগে তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় তিনি অসুস্থ বোধ করলে তাকে দ্রুত রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম জানান, হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। তবে নিশ্চিত হওয়ার জন্য তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্ট দেওয়া হয়।
হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম গোপালগঞ্জ জেলার বাসিন্দা ছিলেন। ১৩ তম বিসিএস-এ তিনি প্রশাসন ক্যাডারে যোগ দেন। চলতি বছরের ২৭ জানুয়ারি তিনি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব ছিলেন।
এদিকে, রাজশাহী পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলমস, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মনির হোসেনহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রামেকে তার মরদেহ দেখতে এসেছিলেন।
/বিটি/







