রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি ) শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যা মামলায় রিমান্ডে নেওয়া রুমমেটের দেওয়া তথ্যে হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব বলে মন্তব্য করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা অশোক চৌহান এ তথ্য জানিয়েছেন।
অশোক চৌহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্তে ভালো অগ্রগতি হয়েছে। রিমান্ডে লিপুর রুমমেট মনিরুলের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তার কাছ থেকে যা তথ্য পাওয়া গেছে, ধারণা করছি তা দিয়ে হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।’
এর আগে ২৬ অক্টোবর মনিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে নেওয়া হয়।
এদিকে, লিপু হত্যার পর বিচারের দাবিতে বিভাগের শিক্ষার্থীরা প্রদীপ প্রজ্বলন, গণস্বাক্ষর ও পথনাটকের মতো কর্মসূচি পালন করছে। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভাগের সামনে লিপু চত্বরে তারা এ কর্মসূচি পালন করে।
২০ অক্টোবর নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওইদিন বিকেলে লিপুর চাচা বাদী হয়ে নগরীরর মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় লিপুর রুমমেট মনিরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়। গত ২৬ অক্টোবর মনিরুলকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে নেওয়া হয়।
/এমডিপি/







