নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নে নাগরিকত্ব সনদ না পেয়ে ইউপি সচিব ও ইউপি সদস্যদের লাঞ্ছিত করেছে একই ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম ও তার অনুসারীরা। এসময় উত্তেজিত ছাত্রলীগ কর্মীরা ইউনিয়ন পরিষদের ফাইলপত্রও তছনছ করে। রবিবার দুপুরে মাধনগর ইউপি অফিসে এ ঘটনা ঘটে।
মাধনগর ইউপি সচিব নজমুল ইসলাম ও ইউপি সদস্য শহিদুল ইসলাম সঞ্জয় জানান, রবিবার দুপুরে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম শামিমসহ ৬/৭ জন পরিষদে এসে নাগরিকত্ব সনদ চান। কিন্তু ওই সময়ে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান অনুপস্থিত থাকায় তাদের সনদ দেওয়া সম্ভব নয় বললে তারা ক্ষিপ্ত হয়ে পরিষদের ফাইলপত্র তছনছসহ তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
মাধনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। বিষয়টি শোনার পর থানাকে জানানো হয়েছে।
বিষয়টি সম্পর্কে যোগাযোগ করা হলে মাধনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম শামিম জানান, মোবাইল ফোনে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে পরিষদে পরিচয়পত্র চাইতে গেলে সচিব ও ইউপি সদস্যরা তাদের সঙ্গে অশোভন আচরণ করেন। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে মাত্র।
নলডাঙ্গা থানার ওসি মোস্তফা কামাল জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এসময় ফাইলপত্র তছনছ অবস্থায় দেখতে পায় পুলিশ। তবে এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/এআর/








