সিরাজগঞ্জের শাহজাদপুরে সমকাল প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের স্ত্রী ও ছেলেমেয়েদের আর্থিক অনুদান দিয়েছেন অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল। বুধবার (১ মার্চ) সকালে সিরাজগঞ্জ জেলা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ‘প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪ এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি’ নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে নগদ এক লাখ টাকা অনুদান দেওয়া হয়।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার কাছে এ আর্থিক অনুদান হস্তান্তর করেন।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার (যুগ্ন-সচিব), পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ইরতিজা আহসান, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, আমেরিকায় বসবাসরত ফ্রি-ল্যান্সার সাংবাদিক আবু নসর, বাসস’র সিনিয়র সাংবাদিক আতাউর রহমান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ ভারপ্রাপ্ত সভাপতি এস.এম.তফিজ উদ্দিনসহ আরও অনেকে।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ তার বক্তব্যে সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দেন। এ সময় জেলা প্রশাসকের মাধ্যমে তিনি শিমুলের স্ত্রী নুরান্নাহার খাতুনের সঙ্গে মোবাইলে কথা বলেন।
শিমুল স্ত্রী প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এবং অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিনসহ উপস্থিত জেলা প্রশাসনের সব কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালনকালে বিক্ষুব্ধ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের একাংশের সঙ্গে সংঘর্ষের সময় পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই মিন্টুর শটগানের ছোড়া গুলিতে আহত হন শিমুল। পরদিন বগুড়া থেকে ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি। স্থানীয় এমপি ও শাহজাদপুর সার্কেল পুলিশ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আবু হাসনাত জানান, শিমুলের মৃত্যুর জন্য তার পরিবার মেয়র ও তার ভাই মিন্টুকেই দায়ী করেছেন।
/এআর/








